ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না বলে জানানো হয়েছে।
এই নির্দেশনা ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে বলে জানানো হয়।
রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করবে সড়ক বিভাগ।
বৈঠক শেষে সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরি এই তথ্য নিশ্চিত করেছেন।
ঈদের সাত দিন মোটরসাইকেল চলাচল বন্ধের বিষয়ে সড়ক সচিব আমিনুল্লাহ নুরি বলেন, ‘ঈদের সময় মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না। এক জেলা থেকে মোটরসাইকেল নিয়ে আরেক জেলায় যে মানুষ যায়, হাইওয়েতে এটা করা যাবে না। এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যাবে না।
‘ঈদের আগের তিন দিন, ঈদের দিন আর ঈদের পরের তিন দিন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এটা করা যাবে না। কোনো কারণে যদি যেতে হয় তাহলে পুলিশকে জানিয়ে তারপর যেতে হবে। এটা বৈঠকের রেজ্যুলেশন আকারে খুব শিগগিরই বের হবে।
