উদ্বোধনের পর পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে তিনি গাড়িবহরসহ সেতু পার হন। তিনি গাড়িবহর নিয়ে পদ্মা সেতুর ওপারে যান।

এর আগে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকালে সুধী সমাবেশে যোগ দিয়ে সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সে অনুষ্ঠান শেষে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দেন প্রধানমন্ত্রী। ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

টোল দেয়া শেষে প্রধানমন্ত্রী উদ্বোধনী চত্বরে যান। দুপুর ১২টার একটু আগে বোতাম চেপে সেতুর ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

ফলক উন্মোচন শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত অতিথিরা।

পরে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়িবহর নিয়ে জাজিরা পয়েন্টের দিকে যান প্রধানমন্ত্রী। সেখানে দুপুর সাড়ে ১২টার সেতুর আরেক ফলক উন্মোচন করেন সরকারপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *