জুমার খুতবায় ম্যাক্রোর সমালোচনা করায় ইমাম আটক

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করার কারণে মিসরের একটি মসজিদের ইমামকে আটক করা হয়েছে। দেশটির ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ‘আহমাদ হাম্মাম’ নামের ওই ইমামকে আটক করা হয়েছে।

 

মিসরের উত্তরাঞ্চলীয় আলেক্সান্দ্রিয়া প্রদেশের একটি মসজিদের ইমামতি করেন আহমাদ হাম্মাম। তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম অবমাননাকর বক্তব্যের সমালোচনা করেন। এ খবর পেয়ে ওয়াকফ মন্ত্রণালয়ের নির্দেশে ইমাম হাম্মামকে আটক করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে মিসরের পুলিশ।

 

মিসরের গণমাধ্যম জানিয়েছে, হাম্মামের বিরুদ্ধে জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

 

মিসরের ওয়াকফ মন্ত্রী মোহাম্মাদ মোখতার জুমা এ সম্পর্কে বলেছেন, তিনি আহমাদ হাম্মামকে বরখাস্ত করার এবং হাম্মাম যাতে আর কোনো মসজিদের ইমামতি করতে না পারেন সে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

 

মিসরে এমন সময় মসজিদের একজন ইমামকে আটক করা হলো যখন সারাবিশ্বের আলেম সমাজ ও ধর্মীয় নেতারা তাদের দ্বীনি দায়িত্ব অনুভূতি থেকে ফরাসি প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্য সম্পর্কে জনগণকে সচেতন করে যাচ্ছেন।

 

উল্লেখ্য, ফ্রান্সের বিতর্কিত সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেব্দোতে সম্প্রতি মহানবী মুহাম্মদকে (স.) অসম্মান করে কার্টুন ছাপা হয়। সেই কার্টুন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা শেখাতে প্রদর্শন করেন দেশটির এক শিক্ষক। পরে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। পরে ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে সরকারি পৃষ্ঠপোষকতায় সেই কার্টুন প্রদর্শন করা হয়।

 

ফরাসি প্রেসিডেন্ট জানান, তিনি এ প্রদর্শনী বন্ধ করবেন না। কার্টুন প্রকাশ ও প্রদর্শনী বন্ধকে স্বাধীন মত প্রকাশের উপর আঘাত বলে আখ্যা দেন তিনি। একইসঙ্গে মুসলিম বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *