সিলেটবাসীর জন্য একদিনে ৭০ লাখ সংগ্রহ করলেন ব্যারিস্টার সুমন

বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে সিলেট, সুনামগঞ্জসহ দেশের একাধিক অঞ্চল। বানভাসি অন্তত ৪০-৫০ লাখ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। কেউ কেউ তাঁদের সাহায্যের জন্য গঠন করছেন তহবিলও।

বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করা জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি তার সাধ্যমত ত্রাণ সহায়তা করে যাচ্ছেন।

শুধু তাই নয়, বন্যার্তদের জন্য ফেসবুক দিয়ে অর্থ সংগ্রহ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। মাত্র এক দিনে ব্যারিস্টার সুমন প্রায় ৭০ লাখ টাকা জোগাড় করতে সক্ষম হন। ফেসবুকের এক ভিডিও বার্তায় তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার সুমন বলেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন। আপনারা প্রায় ৭০ লাখ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করেছেন। সে জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন। তিনি জানান, ইতোমধ্যে তার হাতে ৫২ লাখ টাকা এসেছে। বাকি ১৮ লাখ টাকা শীঘ্রই হাতে পাবেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমার দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে গেছে। একজন মানুষকে ব্যাক্তিকে আপনারা এতো বিশ্বাস করেছেন। এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। সুমন তার ফুটবল একাডেমির ফুটবল সদস্যদের ত্রাণ বিতরণের ভলান্টিয়ার হিসেবে নিচ্ছেন। সংগৃহীত অর্থের পুরোটাই বন্যার্তদের সহযোগিতায় ব্যবহার করবেন বলে জানান তিনি। এসময় আরও সহযোগিতা কামনা করেন ব্যারিস্টার সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *