আসাম, মেঘালয়ে বন্যায় মৃত্যু বেড়ে ৪২, ত্রিপুরায় গৃহহীন ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম ও মেঘালয়ের চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানকার প্রধান নদীগুলোতে পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রচুর বৃষ্টির কারণে দুই রাজ্যের অনেক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বন্যা ও ভূমিধসে আসাম, মেঘালয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এরমধ্যে আসামে ২৪ জন ও মেঘালয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে ত্রিপুরায় ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানান, মেঘালয়ের মাওসিনরাম এবং চেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। আগরতলাতেও ৬০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।

আসামে৪ হাজারের বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এরইমধ্যে সেখানকার এক লাখ ৫৬ হাজার মানুষকে আশ্রয়শিবিরে নেওয়া হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্যা পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ফোনালাপ করেছেন ও সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *