পদ্মা সেতুর টোল আদায় ব্যবস্থা ঠিকঠাক কি না, চলছে পরীক্ষা

পদ্মা সেতুতে টোল দিয়ে গাড়ি পারাপারের মহড়া দিয়েছে সেতু বিভাগ। উদ্বোধনের পর টোল দিয়ে যানবাহন চলাচল করবে এ সেতুতে। টোল আদায়ে যেসব যন্ত্রপাতি বসানো হয়েছে, সেসব ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করার জন্যই দেওয়া হয়েছে ওই মহড়া।

সেতু বিভাগের কর্মকর্তারা জানান, শুক্রবার বিকালের দিকে শুরু করে প্রায় এক ঘণ্টা মাওয়া প্রান্তের টোল প্লাজায় মহড়া চালানো হয়। এ সময় পদ্মা সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি একাধিকবার টোল প্লাজা পার হয়ে পুনরায় ফিরে আসে। গাড়িগুলোকে কখনো মোটরসাইকেল হিসেবে, কখনো কার, জিপ, আবার বাস কিংবা ট্রাক হিসেবে বিবেচনা করে টোল প্লাজা পার করা হয়। শ্রেণিভেদে টোলের নির্ধারিত হার অনুসারে রসিদও প্রিন্ট দেওয়া হয়।

পদ্মা সেতুর দুই প্রান্তে মাওয়া ও জাজিরায় দুটি টোল প্লাজা আছে। প্রতিটি টোল প্লাজায় ছয়টি করে বুথ। এর মধ্যে একটিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করার ব্যবস্থা থাকবে। বাকি পাঁচটিতে যানবাহন থামিয়ে হাতে টাকা সংগ্রহ করে চলাচলের অনুমতি দেবেন টোল আদায়ে নিয়োজিত কর্মীরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বয়ংক্রিয় ব্যবস্থায় যানবাহন মালিকেরা অগ্রিম টাকা দিয়ে প্রিপেইড কার্ড সংগ্রহ করবেন। যানবাহনের সামনের গ্লাসে একটি ট্যাগ থাকবে।

যানবাহন টোল প্লাজার কাছাকাছি এলে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে। এ পদ্ধতিতে যানবাহন না থেমে দ্রুত চলে যাবে। তবে এ ব্যবস্থা চালু করতে ছয় মাস লাগতে পারে।

পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর নির্মাণকাজের ব্যবস্থাপক দেওয়ান মো. আবদুল কাদের বলেন, টোল আদায় কার্যক্রমের সবকিছু সঠিকভাবে চলছে কি না, সেই পরীক্ষা করা হয়েছে। টোল প্লাজায় অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। মহড়ায় সব কাজ সমন্বিতভাবে হচ্ছে কি না, সেটাই দেখা হয়েছে।

জানতে চাইলে পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে শুক্রবার বিকেলে টোল সিস্টেমের পরীক্ষামূলক ট্রায়াল হয়েছে। টোল চালু করার উদ্দেশ্যে ট্রায়াল দিচ্ছি। প্রধানমন্ত্রী প্রথম টোল দিয়ে পার হবেন। আমাদের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। টোল কার্যক্রম চালু হবে পদ্মা সেতু উদ্বোধনের পরে, তার আগে পরীক্ষামূলক ট্রায়াল চলবে, প্রশিক্ষণ চলবে।

প্রকৌশলী সূত্রে জানা গেছে, সেতুর সড়কপথ একেবারেই প্রস্তুত। উদ্বোধনকে ঘিরে বাকি থাকা ছোটখাটো কাজগুলোর দ্রুত শেষ করা হচ্ছে। কাজ শেষে আগামী ২২ জুন ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশে সেতু কর্তৃপক্ষকে পদ্মা সেতু বুঝিয়ে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে মুন্সিগঞ্জ ও মাদারীপুরে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। পরদিন থেকে সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *