জয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আছি: সাক্কু

কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত বলে জানিয়েছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু।

বুধবার (১৫ জুন) নগরীর হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাক্কু বলেন, ‘কোনো কোনো কেন্দ্রে ইভিএম মেশিন কাজ করতেছে না। আমরা কয়েকটা কেন্দ্রে গেছি। টিপ দিলে ছবি উঠতেছে না। টিপ দিলে তো মার্কার ছবিটা উঠব। আমরা বিষয়টা বলছি।

‘অন্য সবকিছু ঠিক আছে। ওয়েদারটা একটু খারাপ। এর লাইগা ভোটার একটু কম আইতেছে। এটা ঠিক হয়ে যাইব। আমার অন্য কোনো অভিযোগ নাই। খালি ইভিএম পদ্ধতিটা একটু ত্রুটি হইতেছে।’

ভোট বর্জনের কোনো কারণ আছে কি না সে প্রশ্নে সাক্কু বলেন, ‘আমি তো গতকালই কইছি, যুদ্ধ থেইকা তো ফিরা যাওন যায় না। রেজাল্ট লইয়াই যাইতে হইব, জয়-পরাজয় যাই হোক না কেন।’

জয়ের বিষয়ে টানা দুইবারের এই মেয়র বলেন, ‘জয়ের ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আছি। ওয়েদারটা একটু ভালো হইলে আমার লাইগা ভালো হইত আর কি।’

কুমিল্লা সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়। নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী, ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডের মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *