ভোটের ফল যাই হোক, মেনে নেব: নৌকার রিফাত

কুমিল্লা: কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর তিনি বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর। আমি ভোটারদের বলব কেন্দ্রে এসে ভোট দিতে।’

তিনি আরও বলেন, ‘ফলাফল যাই হোক না কেন, আমি তা মেনে নেব।’

রিফাত বলেন, আমি আশাবাদী লোক, নিরাশার ধারেকাছেও থাকতে চাই না। সবাইকে বলব আশাবাদী হও। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, তবে যে বিজয়ী হবে তাকে ফুলের মালা দেব।

ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে রিফাত বলেন, জনগণ নৌকাতেই ভোট দেবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। এ ভোটে জনগণের জয় হবে। কালো টাকা ছড়িয়ে কোনো লাভ হয়নি। জনগণ কালোটাকার প্রার্থীর সঙ্গে নেই।

কুমিল্লা সিটিতে ২৭টি ওয়ার্ডে ভোটার রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করে সরকার। এরপর ২০১২ ও ২০১৭ সালে দুবার নির্বাচন হয়।

দুটি নির্বাচনেই জয় পান মনিরুল হক সাক্কু। এবারও তিনি প্রার্থী হয়েছেন, তবে দল ভোট বর্জন করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।

সাক্কুর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা নিজামউদ্দিন কায়সারও আছেন ভোটের মাঠে। বাকি দুই মেয়র প্রার্থী হলেন কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *