স্পোর্টস আপডেট ডেস্ক: অপেক্ষার প্রহর শেষে বাংলাদেশে এসে পৌছেছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আজ বুধবার (৮ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি।
৫৬টি দেশ ঘোরার পথে ঢাকায় ট্রফিটি এসেছে পাকিস্তান থেকে। বাংলাদেশে ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ছাড়াও ফিফার আরো কয়েকজন কর্মকর্তা এই ট্রফির সঙ্গে এসেছেন।
বাংলাদেশে তাদের কাছ থেকে এই ট্রফি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণসহ আরো অনেকে।
চলতি বছর নভেম্বরে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল। সময়ের হিসাবে এখনও প্রায় পাঁচ মাস বাকি। তবে, বিশ্বকাপের বছর বলে কথা। টুর্নামেন্ট শুরু হতে দেরি হলেও, এখনই ফুটবলের বৈশ্বিক আসর ঘিরে রোমাঞ্চ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুরও। সে ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি।
আজ কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে করে বিশ্বকাপের ট্রফি পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশ সফরে কড়া নিরাপত্তাব্যবস্থায় ট্রফিটি মোট ৩৬ ঘণ্টা থাকবে। গত ১২ মে দুবাই থেকে কোকা-কোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণের শুরু হয়।
বিশ্বকাপের অন্যতম অফিশিয়াল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কোকাকোলা। মূলত তাদের পৃষ্ঠপোষকতাতেই বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। কোকাকোলার সঙ্গে এ উদ্যোগে কাজ করছে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ট্রফি নিয়ে বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। এর মধ্যে একটি হলো, আজই বঙ্গভবনে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। এরপর নেওয়া হবে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে। এরপর রাতেই ট্রফি আসাকে ঘিরে আয়োজন করা হবে রাতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ। যেখানে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের কয়েকজন নারী পোশাকশ্রমিক।
এর পরদিন আর্মি স্টেডিয়ামে সীমিতসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য ট্রফি প্রদর্শন করা হবে। যেখানে কোকা–কোলা একটি কনসার্টের আয়োজন করছে। এ ছাড়া স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন। যেটি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাই করা হয়েছে।
বিশ্বকাপ ট্রফির বাংলাদেশে আসা উদ্যাপন করতে আরেকটি বিশেষ আয়োজনও আছে। র্যাডিসন ব্লু হোটেলে আয়োজন করা হয়েছে বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগের ২০টি ছবির একটা বিশেষ প্রদর্শনীও। যে ছবিগুলো প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হকের তোলা।
বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টা সফর শেষে আগামীকাল রাত ১২টা ১০ মিনিটে বিশ্বকাপ ট্রফি উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে।
এর আগেও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমন নিয়ে শোরগোলের কথা মনে থাকতে পারে অনেকের। তবে ২০১৩ সালে ট্রফিটা এসেছিল, সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। এবার এলো আসল ট্রফি।
