৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়লো বিমানের প্রথম ফ্লাইট

ঢাকা: ৪১০ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়লো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। রোববার (৫ জুন) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এটিই বিমানের প্রথম হজ ফ্লাইট। বিমানটি জেদ্দায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালন করবেন।

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। যদিও আগে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এবছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *