চট্রগ্রাম: যানজটের কারণে সমাবেশে যোগ দিতে বিলম্ব এড়াতে গাড়ি-প্রটোকল ছেড়ে মোটরসাইকেল আরোহী হলেন তথ্যমন্ত্রী।
শুক্রবার বিকেলে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিমানবন্দর থেকে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্দেশে রওনা দিয়ে বিশাল যানজটের মুখে পড়ে তার গাড়ি।
শহরের জামালখানে প্রেসক্লাবে চট্টগ্রাম আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত মন্ত্রী এসময় বিলম্ব এড়াতে গাড়ি ও পুলিশ প্রটোকল ছেড়ে দেন। কাছাকাছি থাকা বন্দর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানের মোটরসাইকেলের যাত্রী হন তিনি।
প্রায় ১০-১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের সন্তান হাছান মাহমুদকে নিয়ে মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিপুল উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান।
মন্ত্রী এসময় তাকে বহনকারী ওসি মিজানুর রহমানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালে এক আবেগময় পরিস্থিতি তৈরি হয়।
পরে মন্ত্রীকে ঘিরে নেতাদের স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতারা মন্ত্রীকে স্বাগত জানান।
এরপরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দীর্ঘ পথ মোটসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেওয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন।
