Home আন্তর্জাতিক ফ্রান্সবিরোধী বিক্ষোভ করায় ভারতে কংগ্রেস নেতাসহ মুসলিমদের বিরুদ্ধে মামলা

ফ্রান্সবিরোধী বিক্ষোভ করায় ভারতে কংগ্রেস নেতাসহ মুসলিমদের বিরুদ্ধে মামলা

0
91

আন্তর্জাতিক ডেস্ক- মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেসের এক বিধায়কসহ মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে ভূপাল পুলিশ।

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভূপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত হয়। এসময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।

 

এ ঘটনায় কংগ্রেস বিধায়ক, কয়েকজন আলেম এবং ২ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।এ ধরনের বিক্ষোভ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

 

বিক্ষোভের ভিডিও পোস্ট করে একটি টুইটবার্তায় শিবরাজ বলেন, মধ্যপ্রদেশ হল শান্তির দ্বীপ। যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনো দোষী ছাড় পাবেন না।

 

মহানবীকে (সা.) নিয়ে বিদ্রূপাত্মক কার্টুনের জেরে মুসলিম বিশ্বসহ বিশ্বের অধিকাংশ দেশে যখন প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে, তখন ভারতে সামাজিকমাধ্যমের হ্যাশট্যাগে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। দেশটিতে টুইটারে ‘হ্যাশট্যাগ আইস্ট্যান্ড উইথ ফ্রান্স’ ও ‘উই স্ট্যান্ড উইথ ফ্রান্স’ সর্বোচ্চ ট্রেন্ড হিসেবে দেখা গেছে। হাজার হাজার ভারতীয় ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করে সামাজিকমাধ্যমে হ্যাশট্যাগ বার্তা দিয়েছেন।

 

বিজেপির পার্লামেন্ট সদস্য প্রভাষ সাহিব সিং এক টুইটবার্তায় বলেন, সহনশীলতাও ধর্মনিরপেক্ষা হওয়া উচিত। আমরা ফ্রান্সের সঙ্গে আছি। ভালো করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

 

পলাশ মন্ডল নামের এক টুইটার ব্যবহারকারী বলেন, ম্যাক্রন স্যারের প্রতি শ্রদ্ধা। পুরো ভারত আপনার সঙ্গে আছে। কেউ কেউ ম্যাক্রনকে ‘মানবতার সুরক্ষাকারী’ আখ্যা দিয়ে তাকে প্রশংসায়ও ভাসিয়েছেন। তারা বলেন, বিশ্বব্যাপী এমনটিই হওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here