আন্তর্জাতিক ডেস্ক- মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ইসলাম ধর্ম নিয়ে ফরাসি সরকারের বিরূপ মন্তব্যের জেরে মুসলিম দেশগুলোতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। চলমান এ বিক্ষোভের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন মহানবী হযরত মোহাম্মদ( সা.) এর কার্টুন প্রদর্শন করায় আঘাতপ্রাপ্ত মুসলমানদের অনুভূতি তিনি বুঝতে পেরেছেন।
তবে ম্যাক্রোঁ যোগ করেছেন ‘উগ্র ইসলামের’ বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন কারণ এরা বিশ্বের সব মানুষের জন্য হুমকি। বিশেষ করে মুসলমানদের জন্য।
শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকরন বলেছেন, ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের ফলে মুসলমানদের অনুভূতিতে যে আঘাত লেগেছে তা তিনি উপলব্ধি করছেন।
তিনি আরও বলেন, কিছু মানুষ আছে যারা ইসলাম ধর্মের বিকৃতি ঘটাচ্ছে এবং এই ধর্মের নাম নিয়ে এটি রক্ষার ঝাণ্ডা হাতে তুলে নিয়েছে।
ইসলাম অবমাননাকর বক্তব্য প্রদানকারী ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ কোনও সরকারি প্রকল্প নয় বরং এমন কিছু পত্রিকা এ কাজ করেছে যাদের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।
ইমানুয়েল ম্যাকরনের ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়ার পর নিজের বক্তব্য থেকে সরে গেলেন তিনি।
এমন সময় তিনি নতুন এ বক্তব্য দিলেন যখন সম্প্রতি তিনি ফরাসি পত্রিকা শার্লি এবদোতে প্রকাশিত ইসলাম অবমাননাকর কার্টুনের পক্ষ সমর্থন করে কথা বলায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
সম্প্রতি স্যামুয়েল প্যাটি নামক ফ্রান্সের একজন শিক্ষক ক্লাসের শিক্ষার্থীদের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে অবমাননাকর চিত্র প্রদর্শন করেন। এরপর এক হামলায় তিনি নিহত হন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ওই হত্যাকাণ্ডের জন্য তার দেশের মুসলমানদের দায়ী করেন এবং দাবি করেন মুসলমানরা ফ্রান্সকে ধ্বংস করে ফেলতে চায়।
ম্যাকরন আরও ন্যাক্কারজনক বক্তব্যে ঘোষণা করেন, ফ্রান্সে ইসলামের নবী (সা.)-কে অবমাননাকর চিত্র প্রকাশ অব্যাহত থাকবে। তার এ বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে।
