ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে সোয়া ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা এবং কার্জন হলের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা মিছিল নিয়ে জড়ো হওয়ার সময় তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা গেছে।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এসময় তাঁদের হাতে লাঠিসোটা দেখা যায়।

গত মঙ্গলবার (২৩ মে) ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।

বৃহস্পতিবার সকাল থেকেই ছাত্রদলকে প্রতিহত করার জন্য বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিসোটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা যায়। এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে স্লোগানও দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *