কল রেকর্ড ভাইরাল, ক্ষমা চাইলেন ইডেনের সেই ছাত্রলীগ নেত্রী

ঢাকা: বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে গালিগালাজ করা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

রবিবার ফেসবুকে দুঃখপ্রকাশ করে সুস্মিতা বলেন, যে কল রেকর্ডটা ফাস হয়েছে তখন আমার কমিটির প্রেসারে মানসিক অবস্থা ভালো ছিলো না। আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। যার কারণে সাংবাদিক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী।

এর আগের দিন আরেক পোস্টের মাধ্যমে সুস্মিতা বাড়ৈ বলেন, কাল (শুক্রবার) যখন ইডেন কলেজের কমিটি হয়। তারপর থেকেই কল আসা শুরু হয়। একের পর এক কল কেউ অভিনন্দন দিচ্ছেন কেউ বা খোচা দিচ্ছেন কেউ বা বাজে কথা বলছেন। একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে ফোনে সাংবাদিক ভাইকে কথাগুলো বলেছি যেটা সম্পুর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে কথা গুলো বলেছি।

সম্মেলনের ২ বছর ৯ মাস পর ১৩ মে রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন সুস্মিতা বাড়ৈ। তিনি বিবাহিত হয়েও এ পদ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিষয়ে মন্তব্য চাওয়ায় জাগো নিউজের সংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালাগাল করেন সুস্মিতা বাড়ৈ।

এদিকে সাংবাদিককে গালিগালাজ করা সুস্মিতা বাড়ৈয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ৷

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কখনোই কাম্য নয়। আমরা তার এ কাজের সাপোর্ট দিচ্ছি না। আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। বিষয়টি সাংবাদিকদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *