আকস্মিক পদত্যাগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মেয়াদপূর্তির প্রায় এক বছর আগেই রাজভবনে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগের কারণ নিয়ে ধোঁয়া সৃষ্টি হয়েছে ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে।
পদত্যাগ পত্রে তিনি লিখেন, শনিবারই যেন মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এক লাইনের চিঠি লিখে পাঠিয়ে দেন রাজ্যপালকে। বিধানসভা নির্বাচনের এক বছর আগেই তিনি পদত্যাগ করলেন। তার আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে আগরতলা ফিরেন বিপ্লব দেব।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিজেপির রাজ্যের অভ্যন্তরীণ কোন্দলের ‘গুজব’ উঠেছে। এর মাঝে তার পদত্যাগের ঘোষণা এলো। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিচ্ছে দল।
২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিলেন বিপ্লব দেব।
