নজর২৪, ঢাকা- মহানবীর (সা.) তাৎপর্যপূর্ণ জীবনী তুলে ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, ভালোবাসার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এর মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঈদে মিলাদুন্নবী পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শাজাহান খান বলেন, ইসলাম শান্তি, ভালোবাসা ও দাওয়াতের ধর্ম। ইসলাম বোমাবাজি ও সন্ত্রাস করে প্রতিষ্ঠিত হয়নি। দাওয়াত ও মানুষকে ভালোবাসা দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মহানবীকে ইসলাম প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট, ত্যাগ-তিতিক্ষা করতে হয়েছে। নবীজির জীবনে অনেক শিক্ষা আছে, যারা নবীজির জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন তারা কখনো পথভ্রষ্ট হয় না।
তিনি বলেন, ইসলামের নামে যারা কাজ করেন আল্লাহ রব্বুল আলামিন তাদের হেফাজত করেন। তাদের ওপর রহমত বর্ষণ করেন। কিন্তু যারা ইসলামের নামে নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করেন, নিজেদের আখের গোছান ও রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য অপচেষ্টা করেন তাদের ওপর আল্লাহ রহমত বর্ষণ করেন না।
শাজাহান খান আরও বলেন, জামায়াত একসময় বোলতো যারা দাঁড়িপাল্লায় ভোট দেবে, তারা সবাই জান্নাতে যাবে। এই কথা বলে ২০১৫ সালে পেট্রোল বোমা মেরে তারা মানুষ হত্যা শুরু করলো। ৯২ জন ড্রাইভার-হেলপার, ৩ জন পুলিশ, ৩ জন বিজিবি জওয়ান, মুক্তিযোদ্ধা, রিকশাচালক, হকার, শ্রমিক অসংখ্য নারী ও শিশুকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারলো। আল্লাহ কি তাদের (জামায়াতে ইসলামী) উদ্দেশ্য ও কর্ম সফল করেছেন? উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে উৎখাত করার। আল্লাহ তাদের উদ্দেশ্য সফল করেন নাই।
এদিন যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে ‘আশেকানে গাউছিয়া রহমানীয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া’।এ সময় ফ্রান্সে মহানবীকে (সা.) ব্যঙ্গ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আশেকানে গাউছিয়া রহমানীয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া’ এর পৃষ্ঠপোষক শাহ্সূফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দীন আহমদ মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মহানবীর (সা.) জীবনী ও জন্মদিনের তাৎপর্য তুলে ধরে করোনাভাইরাস যাতে বাংলাদেশসহ বিশ্ব থেকে বিদায় নেয় সেই প্রার্থনা জানান।
