কাজে ফিরেই ৫০ হাজার টাকা রাজস্ব আয় করে টিটিই শফিকুলের বাজিমাত

বরখাস্তাদেশ প্রত্যাহারের পর আবার কাজে যোগ দিয়ে ২৪ ঘণ্টায় দুই ট্রেন থেকে ৪৯ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন টিটিই শফিকুল ইসলাম। বুধবার (১১ মে) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি সবার কাছে দোয়াও কামনা করেছেন।

মঙ্গলবার (১০ মে) খুলনা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর রূপসা এক্সপ্রেসের চারজন টিটিই দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে একজন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) এর দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। এদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়। তার আগে দায়িত্ব পালনে ট্রেনে ওঠেন শফিকুল।

তিনি চিলাহাটি স্টেশনে পৌঁছে সেখানকার বুকিং অফিসে জমা দেন ৯ হাজার ১৯০ টাকা। আর চিলাহাটি থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ফিরে ঈশ্বরদী জংশন স্টেশনের বুকিং অফিসে জমা দেন ৪০ হাজার ৭৬০ টাকা। আপ-ডাউন মিলিয়ে তিনি রাজস্ব আয় করেন ৪৯ হাজার ৯৫০ টাকা।

শফিকুলের সঙ্গে একই ট্রেনে দায়িত্ব পালন করা তার আরেকজন সহকর্মী টিটিই রাজস্ব জমা দিয়েছেন ২৭ হাজার ৩৩০ টাকা।

বুধবার (১১ মে) সকাল ১১টার দিকে মুঠোফোনে এ তথ্য জানান টিটিই শফিকুল ইসলাম। তিনি বলেন, রূপসা ট্রেনে পৌনে ৬ টায় চিলাহাটি পৌঁছাই। আবার সীমান্ত এক্সপ্রেসে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ১২টা নাগাদ পৌঁছেছি।

শফিকুল বলেন, আজ বুধবার খুলনাগামী ডাউন রুপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করবেন তিনি। ট্রেনটি দুপুর আড়াইটা নাগাদ ঈশ্বরদী জংশন স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

বরখাস্তের পাঁচদিন পর এবং বরখাস্ত আদেশ প্রত্যাহারের দুইদিন পর গতকাল মঙ্গলবার ট্রেনে টিকিট চেকিংয়ের মাধ্যমে নিয়মিত দায়িত্ব পালন শুরু করেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। দায়িত্ব পালনের প্রথমদিনে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

এর আগে রোববার (০৮ মে) দুপুরে আলোচিত এই ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতেই টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

এদিন টিটিইর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম। একইসঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। তাকে আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে রাতে পাবনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনের এসি কামরায় ভ্রমণ করছিলেন তিন যাত্রী। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন দায়িত্বরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনার পরই শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ৯ মে চাকরিতে পুনর্বহালের অফিস আদেশ পান শফিকুল। আর মঙ্গলবারই (১০ মে) কাজে যোগদান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *