Home প্রধান খবর সব মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

সব মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

0
89

দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সম্রাটের বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বুধবার (১১ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি। কারাগারে ছিলেন দুদকের মামলায়। এ মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্ত হতে আর কোনো বাধা থাকল না।

এর আগে গত ২৮ এপ্রিল একই আদালত এ মামলায় সম্রাটের জামিন নামঞ্জুর করেছিলেন। তার আগে গত ১৩ এপ্রিলও তার জামিন আবেদন নাকচ করে।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। গত ২২ মার্চ দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।

অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করে মামলাটি বিশেষ জজ আদালত-৬ এ পাঠানো হয়।

ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here