এবারের ঈদযাত্রা স্বস্তির হবে: কাদের

এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রোজার ঈদকে ঘিরে এবার সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।

শনিবার সকালে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘর ফেরা মানুষদের ঈদ যাত্রা কাটবে।

ঈদে বাসে অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।

আজকেও গাবতলীতে সেলফিসহ কয়েকটি পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে, এবিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না— সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ যেহেতু এসেছে সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে ও ব্যবস্থা নিতে।

এসময় সড়ক পরিবহন ও পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *