রেজা-নুরের দলে যোগ দিলেন সাবেক ৮ সেনা কর্মকর্তা

অবসরপ্রাপ্ত ৮ সামরিক কর্মকর্তাসহ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাবেক জেলা ও দায়রা জজসহ ২০ বিশিষ্ট ব্যক্তি নবগঠিত রাজনীতিক দল গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকালে রাজধানী স্কাই সিটি গ্র্যান্ড হোটলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল দলটিতে যোগদান করেন তারা।

এই ইফতার অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের পাশাপাশি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও ছিলেন।

গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এদিন সাবেক সেনা কর্মকর্তা, অধ্যাপক, বিচারক মিলিয়ে ২০ জনের যোগদানের খবর জানানো হয়।

এদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর বদরুল আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর আবদুল মালেক ফরাজি, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আলী মাহমুদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার আবদুল বাসেত, ব্যবসায়ী মো. শাহজান বাদশাহ, অধ্যাপক মাহবুব হোসেন, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুল আলমের নাম উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা ইশরাক হোসেন, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল করিম ভূইয়া, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব লিঙ্কন, ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য আশরাফ আলী আকন্দ উপস্থিত ছিলেন।

কবি ও লেখক ফরহাদ মজহার, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিনও এই ইফতার অনুষ্ঠানে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *