নিউ মার্কেটে সংঘর্ষ: সাংবাদিকদের পেটাচ্ছেন দোকানকর্মীরা

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পেটাচ্ছেন নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা। তাঁদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা।

গতকাল সোমবার দিবাগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ বাধে। দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এরপর আজ মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে আবারও সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিপুল পুলিশের উপস্থিতি থাকলেও আজ দুপুর পর্যন্ত কাউকে নিউমার্কেট এলাকায় দেখা যায়নি। দুপুরের পর জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে পুলিশের ২০০ শতাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন বলেন, সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ ছিল। তবে দুই পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করায় পুলিশ পাশে সরে যায়। এরপর দুপুর পৌনে ১টার দিকে শতাধিক পুলিশ ঘটনাস্থলে যায়।

জানা যায়, এদিন বেলা ১২টার দিকে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দীপ্ত টিভির রিপোর্টার আসিফ জামান সুমিতকে বেদম প্রহার করে হকাররা। এসময় সহকর্মী সুমিতকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক, মানবজমিনের শুভ্র দেব ও এসএ টিভির সিনিয়র ক্যামেরা পারসন কবির হোসেন।

হামলার শিকার শাহেদ শফিক ঘটনাস্থল থেকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে খবর সংগ্রহের কাজ করছিলাম। এসময় দেখতে পাই দীপ্ত টিভির রিপোর্টারকে ঘিরে ধরে বেদম প্রহার করছে কয়েকজন হকার। এরপর আমরা এগিয়ে গিয়ে তাকে রক্ষার চেষ্টা করতে গেলে তারা আমাদেরও মারধর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *