আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অবিলম্বে নির্বাচন চেয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একটি টুইট বার্তায় ইমরান এমনটি বলেন।
টুইট বার্তায় পিটিআইর চেয়ারম্যান ইমরান খান বলেন, জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, তারা কাকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে চায়। আগামী বুধবার পেশোয়ারে একটি র্যালি করা হবে বলেও টুইটে জানান ইমরান খান।
তিনি বলেন, আমরা অবিলম্বে নির্বাচনের দাবি করছি কারণ এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। বুধবার আমি এশার পরে পেশোয়ারে একটি র্যালি করব। বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শাসন পরিবর্তনের পর আমার প্রথম র্যালি। আমি চাই আমাদের সকল মানুষ আসুক, কারণ পাকিস্তান একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছিল। বিদেশি শক্তির পুতুল রাষ্ট্র হিসেবে নয়।
পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন ক্ষমতা থেকে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার শুনানি হতে পারে। রাজনীতির লড়াইয়ে গ্রেফতারও হতে পারেন পাকিস্তানের এই সাবেক ক্যাপ্টেন।
