তারেকের স্ত্রীর নামে মামলা চলবে কি না, জানা যাবে ১৩ এপ্রিল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে জোবায়দার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে ২০১৭ সালের ১২ এপ্রিল রায় দেয় হাইকোর্ট। ওই রায়ে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।

এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক।

পরে একই বছরে জোবায়দা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে রায় দেয় হাইকোর্ট।

ডা. জোবায়দা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *