শেহবাজ শরিফকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা বিরোধীদের

পাকিস্তানে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার পর অশান্ত রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়েছে। বিরোধীরা আইনসভার অধিবেশন পুনরায় শুরু করেছেন। তারা ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের আদেশকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি শাহবাজ শরিফকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে একতরফা ঘোষণা দিয়েছেন।

শেহবাজ শরিফ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ‘নতুন প্রধানমন্ত্রী’ হিসেবে আইনসভায় এরই মধ্যে ভাষণও দিয়েছেন শেহবাজ।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শেরি রেহমান টুইটারে এক ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, সংসদের ১৯৭ জন সদস্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসাবে নির্বাচিত করেছেন।

দেশটির ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোটের সদস্যরা সংসদ কক্ষ ছেড়ে চলে যাওয়ায় স্পিকারের চেয়ারে বসেন সাদিক। তিনি ইমরান খান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করেন। পরে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন বিরোধী সংসদ সদস্যরা।

এদিকে, প্রধানমন্ত্রী ইমরান খান সংসদ ভেঙে দিয়ে এবং নির্বাচনের আহ্বান জানিয়ে রাজনৈতিক গুগলি ছুড়েছেন বলে মনে করলেও দেশটির পিএমএল-এনের প্রতিষ্ঠাতা ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এটাই চেয়েছিলেন। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পর প্রতিবাদী পদক্ষেপ হিসাবে বিরোধী আইনপ্রণেতারা তা চালু করেন।

কারণ দেশটির সংবিধান অনুযায়ী, মুলতবি হয়ে যাওয়া সংসদ অধিবেশন কেবলমাত্র প্রেসিডেন্ট এবং স্পিকারই আহ্বান করতে পারেন।

ভারতের ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, আজ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের পর পাকিস্তানে রাজনৈতিক সংকটের জেরে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সব রেকর্ড তলব করেছেন। এ নিয়ে বিরোধীদের আবেদনের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সুপ্রিম কোর্টের হাতে এখন কঠিন কাজ। দেশে জরুরি অবস্থা জারি বা সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের মতো বিকল্প পথ খোলা রয়েছে। তবে সেনাবাহিনী ক্ষমতা নিলে ইমরানের সমর্থন বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *