দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের পূর্বঘোষিত হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকেন।
এ সময় তারা হরতালের সমর্থনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে; দ্রব্যমূল্য কমিয়ে দে, নইলে গদি ছেড়ে দে; দোকানপাট খুলবে না, গাড়ির চাকা ঘুরবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
অবরোধের কারণে সকাল সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল। তখনও হরতাল সমর্থনে তাদের কর্মসূচি চলছিল।
এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
