রমজান উপলক্ষে ৮০০ পণ্যের দাম কমাল কাতার

আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। এ উপলক্ষে ৮০০টিরও বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে।’

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনস্যুলা অনলাইন জানিয়েছে—রমজান উপলক্ষ্যে মূল্য হ্রাস করা পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, পেপার ন্যাপকিন, ওয়াশিং পাউডার, ট্র্যাশ ব্যাগ, পেস্ট্রি, পাস্তা, চাল, শিম, হিমায়িত শাক-সবজি, মুরগির মাংস ও পোলট্রিজাত দ্রব্য, মাংস, ডিম, টমেটো পেস্ট, চা, ঘি, ইস্ট, লবন, ভোজ্য তেল, ব্যাক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য।

এর আগে গত বছরও রমজান উপলক্ষে সাড়ে ছয়শ’র বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *