প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এতে সকলেই আনন্দিত হব। সব দল অংশগ্রহণ করুক আমরা তো চাই-ই। চাই সব দল নির্বাচনে আসুক।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় ইভিএমের বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, ইভিএম আমরা এখনো বুঝে উঠিনি। বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলবো।
এসময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সিইসির দায়িত্ব নেওয়ার পর প্রথম বারের মতো চারদিনের সফরে চট্টগ্রাম আসেন সিইসি কাজী হাবিবুল আওয়াল।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চারদিনের সফরে তিনি শনিবার সকালে নিজের জন্মস্থান দ্বীপ উপজেলা সন্দ্বীপ যাবেন। রোববার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সোমবার সকালে চট্টগ্রাম ফিরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।
