ঢাকা: সকল অন্যায়, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৮ মার্চ) ‘পবিত্র শবে বরাত’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মুসলমানদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
তিনি বলেন, মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনি বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস বর্তমানে সমগ্রবিশ্বকে স্থবির করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শেখ হাসিনা বলেন, আমরা জনগণকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।
তিনি এই মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি এই সংক্রমণ থেকে সকলের দ্রুত মুক্তি কামনায় মহান আল্লাহতায়ালার কাছে বিশেষ দোয়া করেন।
বাণীতে তিনি বলেন, মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।
উল্লেখ্য, আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের এই রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগি করেন। শাবান শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।
