Home আন্তর্জাতিক বাইডেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

বাইডেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

0
243

ইউক্রেনে সেনা অভিযানের পর দিন থেকে এ পর্যন্ত দফায় দফায় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পেন্টাগন ও সিআইএ প্রধানদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

আজ মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি- এই পাঁচ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ফলে তারা এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

তবে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত ব্যক্তিদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য এখনও রাশিয়ার দরজা খোলা রয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রাশিয়ার জাতীয় স্বার্থের সাথে মিলে গেলে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের সাথেও ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক রাখা হবে। প্রয়োজনে তাদের স্ট্যাটাস পরিবর্তন করা হবে।’

এছাড়াও ‘অদূর ভবিষ্যৎ ‘ নিষেধাজ্ঞার এই তালিকায় আরও নাম যুক্ত করা হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা সংস্থা ক্যাস্টেলাম ডট এআই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, বিভিন্ন অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত দু’ সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

অতীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা দেশগুলো। ইউক্রেনে অভিযান শুরুর পর জারিকৃত নতুন নিষেধাজ্ঞাগুলোসহ রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ও আন্তর্জাতিক মোট নিষেধাজ্ঞার সংখ্যা এখন ৫ হাজার ৫৩০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here