আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সাধারণের হাতের নাগালে রাখতে অত্যাবশ্যকীয় পণ্যের ওপর থেকে ভ্যাট ও ট্যাক্স কমানো হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট ও ট্যাক্স তুলে নিতে যাচ্ছি। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
‘আমরা সারাদেশ ওএমএস কার্যক্রম বৃদ্ধি করব, ন্যায্য মূল্যে যাতে সাধারন মানুষের কাছে পণ্য পৌঁছাতে পারি। এর পাশাপাশি সাপ্লাইচেইনটা যাতে ঠিক থাকে সরকার সে ব্যবস্থা করবে। কোনো পণ্য যাতে কেউ স্টক করতে না পারে সেটা নিয়ন্ত্রণ করা হবে।’
রোববার বিকেল ৪টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়।
বৈঠকে সোমবার ভ্যাট-ট্যাক্স কমানো সংক্রান্ত এসআরও জারি করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এর আগে বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ অংশ নেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।
