কেউ আপনাকে ভয় পায় না, সাহস থাকলে আসেন: শামীম ওসমানকে আইভী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে ওসমান পরিবারকে আবারও দায়ী করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তার শহরে শামীম ওসমানকে এখন আর কেউ ভয় পায় না।

আইভী বলেন, ‘এই শহরের কেউ আপনাকে ভয় পায় না। একজন পথচারীও আপনাকে ভয় পায় না। সাহস থাকলে আসেন। এক লক্ষ দুই লক্ষ লোকের কাহিনি আমাদের বলবেন না। এক আইভীরেই ঠেক দিতে পারেন না। লক্ষ লোকেরে কই থেকে ঠেক দিবেন।’

শামীম ওসমানের উদ্দেশে আইভী বলেন, ‘ত্বকী হত্যার বিচার চেয়েছেন আপনি। হত্যাকারীরা আপনার ঘরের। সৎ সাহস থাকলে সেই হত্যাকারীকে ধরিয়ে দিন। তখন আমি বুঝবো আপনি কত বড় নেতা এই বাংলাদেশে। সুতরাং ভয় নারায়ণগঞ্জবাসীকে দেখাবেন না।’

সোমবার (০৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের শেখ রাসেল নগর পার্কে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আয়োজনে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৯ বছর উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী ওসমান পরিবারের দিকে ইঙ্গিত করে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জকে ভীত করার জন্য, মানুষ যেন সাহস করে কথা বলতে না পারে সেজন্যই জন্যই এই হত্যাকাণ্ড।’

আইভী বলেন, ‘৯ বছর যাবৎ আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে ত্বকী হত্যার বিচার চেয়ে যাচ্ছি। কোন এক অজানা কারণে আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। নির্মম নিষ্ঠুর ভাবে আমাদের বাচ্চাকে কেড়ে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এত এত আলোচিত হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু ত্বকী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। কেন হচ্ছে না নারায়ণগঞ্জবাসী জানে। যেখানে র‌্যাবের তদন্ত্মে অনেকের নাম বের হয়ে আসলো। সেটাই আমাদের জন্য মনে হয় কাল হয়ে দাঁড়িয়েছে। ’

ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আজমেরি ওসমানের দিকে অভিযোগের তীর এনে আইভী বলেন, ‘যাকে এক নম্বর আসামি করেছিল সে এখন ঘুরে বেড়ায়। বন্দরে বালু ব্যবসা করে। সেই খুনি দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন তাদের চোখে দেখে না। তাদের বিচার হয় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ত্বকী হত্যার বিচার চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিচক্ষণ। আপনি জানেন কখন কাকে কিভাবে কী করতে হবে। আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের সন্তান হত্যার বিচার করুন, যত তাড়াতাড়ি সম্ভব।’

সংগঠনটির আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে ও ভবানী শংকর রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শিল্পী অশোক কর্মকার, জাহিদ মোস্তফা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, খেলাঘর আসরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। এ সময় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি বলেন, ‘আমরা দুর্বিষহ এক সময় অতিক্রম করছি। আমাদের যেমন কথা বলার স্বাধীনতা নেই, তেমনি বেঁচে থাকার নিরাপত্তা নেই। মৌলিক চাহিদার নিরাপত্তা রাষ্ট্র ও সরকারের কাছ থেকেও পাচ্ছি না। সবকিছু মিলে আমরা একটি ব্যর্থ রাষ্ট্রে বসবাস করছি। তাই রাষ্ট্রের হাল ধরার জন্য আগামী প্রজন্মকে যোগ্য ও সাহসী নাগরিক হিসেবে তৈরি করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *