ইসলামি মৌলবাদীদের কাছে নতস্বীকার করব না: ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও ইসলামকে নিয়ে কটূক্তির ঘটনায় কখনোই মূল্যবোধ বিসর্জন দেবেন না বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। গতকাল রোববার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন।

 

টুইট বার্তায় মাখোঁ বলেন, ‘আমরা কখনোই ইসলামি মৌলবাদীদের কাছে নতস্বীকার করব না। এ ছাড়া আমরা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণ ও যুক্তিযুক্ত মতামতকে প্রতিহত করি না।’

 

সম্প্রতি ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতার ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শনের কারণে দেশটির এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করে এক কিশোর। হামলার কিছুক্ষণের মধ্যেই হামলাকারী কিশোর ১৮ বছর বয়সী আবদুল্লাহ আনজরভকে গুলি করে হত্যা করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ফ্রান্স।

 

এরই ধারাবাহিতকায় বিভিন্ন মুসলিম দেশ ফ্রান্সের পণ্য বয়কট শুরু করে। এখন পর্যন্ত কুয়েত, জর্ডান এবং কাতারের কিছু কিছু দোকান মালিক ফরাসি পণ্য সরিয়ে ফেলেছে। লিবিয়া, সিরিয়া এবং গাজা উপত্যকায় বিক্ষোভ হয়েছে। মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে দেশটির পণ্য বয়কটের ডাককে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বয়কটকারীদের ‘উগ্র সংখ্যালঘু’ বলেও মন্তব্য করেছে।

 

এর মধ্যে পণ্য বর্জন না করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘উগ্র সংখ্যালঘুদের’ পক্ষ থেকে এই বয়কটের ‘ভিত্তিহীন’ ডাক দেওয়া হয়েছে। ভিত্তিহীন এ আহ্বান এখনই বন্ধ করা দরকার। আমাদের দেশের বিরুদ্ধে সব ধরনের আক্রমণও বন্ধ করা উচিত।

 

এদিকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা। হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে।

 

জানা গেছে, বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ ওই হামলা চালায়। একইসঙ্গে বিভিন্ন দেশের হ্যাকাররাও অংশ নেয়। তাদের ক্রমাগত আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। গত শনিবার মধ্যরাতের পর থেকে ফ্রান্সে সাইবার হামলার চালানো হয় বলে ‘সাইবার ৭১’ কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *