আফিফ-মিরাজের বীরত্বে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

স্পোর্টস আপডেট ডেস্ক- আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটের জয় বাগিয়ে নিয়েছে বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আফিফ হোসেন ও মেহেদী মিরাজের ব্যাটে ৭ম উইকেট জুটিতে রেকর্ড গড়ে জয় ছিনিয়ে নেয় টাইগাররা।

দলের বিপর্যয়ের সময়ে হাল ধরে ফিফটি তুলে নেন দুই ব্যাটার। আফগানিস্তানের দেয়া ২১৬ রানের টার্গেটে দলকে স্বস্তির সঙ্গে এগিয়ে নিয়ে যান।

দৃঢ় হাতে দলকে এনে দেয়া এমন জয় বাংলাদেশের ক্রিকেটভক্তরা শেষ কবে দেখেছে সেটি মনে করা কষ্টসাধ্য। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৬ টপ অর্ডারসহ চার সিনিয়রকে হারিয়ে যখন দিশেহারা টাইগার শিবির, সে সময় দলকে শক্তহাতে টেনে তুলে জয় বাগিয়ে নেয়াটা খুব একটা সহজ বিষয় নয়।

সেই কাজটি করে দেখিয়েছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ মিলে। দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সপ্তম উইকেট জুটিতে রেকর্ড রান করে দলকে এনে দিলেন ৪ উইকেটের অনাবদ্য এক জয়।

জয়ের জন্য ব্যাট করতে নেমে ৫০ রানের আগেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন লিটন দাস। লিটনের পর একই ওভারে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। পাঁচ বলে তিন রান করে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম। বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। ১৫ বলে ১০ বলে মুজিব উর রহমানের বলে আউট হন সাকিব আল হাসান। এর পর ৮ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপর্যয়ে আফগান বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। শেষ পর্যন্ত আফিফ হোসেন ৯৩ ও মেহেদি হাসান মিরাজ ৮১ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *