র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার

ঢাকা: র‌্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের হয়ে কথা বলতে এবং আমাদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছি আমরা।’

সরকার এ বিষয়ে এ পর্যন্ত ৩টি আইন সংস্থার সঙ্গে কথা বলেছে এবং এ সপ্তাহে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, ‘আমরা এমন একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে চাই, যারা আমাদের (র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে) সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবে।’

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ঢাকা একই সঙ্গে আইনি ও কূটনৈতিক উভয় ধরনের প্রচেষ্টা চালাবে।’

তিনি বলেন, আগামী মার্চ ও এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানেও নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলতে ভারত বা অন্য কোনো তৃতীয় দেশের মধ্যস্থতার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে আমরাই যথেষ্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অর্থ দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ১০ ডিসেম্বর র‍্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *