Home প্রধান খবর দিল্লির হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

দিল্লির হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

0
156

ভারতের দিল্লির মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান। এদিন দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নয়া দিল্লি পৌঁছেন তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের।

ওবায়দুল কাদের দিল্লির উপকণ্ঠে গুরগাঁও-তে অত্যাধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। মেদান্তার চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত আগামী দু সপ্তাহ ওবায়দুল কাদেরকে ভর্তি রেখে তার নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।

ভারত রওনা হওয়ার আগে ওবায়দুল কাদের বিমানবন্দর থেকে সংবাদমাধ্যমকে বলেন, “ছয় মাস আগেই আমার ফলোআপের জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। মহামারীর কারণে যেতে পারছিলাম না। বিকল্প হিসাবে দিল্লি যাচ্ছি ফলোআপ করাতে।”

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় ঢাকায় স্টেন্টিংয়ের মাধ্যমে একটি ব্লক অপসারণ করেন চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয় তাকে।

কিন্তু মহামারীর মধ্যে চিকিৎসার ফলোআপের জন্য তার সিঙ্গাপুরে যাওয়া অনিয়মিত হয়ে পড়ে। এর মধ্যে গতবছর ১৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here