রাজশাহী: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছেন। বিএনপি যদি নির্বাচনে আসে ভালো, না আসলেও কিছু যায় আসে না। নির্বাচন হবেই। আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকার পক্ষে রায় দেবে, আওয়ামী লীগকেই বিজয়ী করবে।
তিনি আরও বলেন, আমাদের বিজয়ী হতেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি-জামায়াত সুযোগ পেলে আমাদের সকল অর্জন নষ্ট করে ফেলবে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেয়র লিটন বলেন, “বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। আইনের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সার্চ কমিটির নিকট অন্যান্য রাজনৈতিক দল নাম জমা দিলেও বিএনপি নাম জমা দেয়নি।
বিএনপিপন্থি পেশাজীবী নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির কাছে নাম জমা দিয়েছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেন, “বিএনপির সঙ্গে আলোচনা না করেই ডা. জাফরুল্লাহ কি নাম জমা দিয়েছেন?“
এ সময় তিনি বলেন, আইনের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।
“বিএনপি সেই নির্বাচনে আসলে ভালো, না আসলে ক্ষতি নাই।”
ব্যাপক উন্নয়নের ফলে আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে মন্তব্য করে রাসিক মেয়র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আরাম-আয়েশে দিনযাপন করছে।“
