নির্বাচন কমিশন গঠন: প্রস্তাবিত তালিকায় ইলিয়াস কাঞ্চনের নাম

ঢাকা- নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি।

এ তালিকায় জায়গা পেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।

সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

আজ (১৪ ফেব্রুয়ারি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। পরের যে নির্বাচন কমিশন আসবে, তারাই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করবে।

গত দুটি জাতীয় নির্বাচন নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মতভিন্নতার মধ্যে এবারের নির্বাচন কমিশন গঠনের বিষয়টি বেশি আলোচিত হচ্ছে।

সার্চ কমিটির মাধ্যমে আগের দুটি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় বিএনপির অংশগ্রহণ থাকলেও এবার বিএনপি রাষ্ট্রপতির সংলাপ বর্জনের পাশাপাশি সার্চ কমিটিতে কোনো নামও জমা দেয়নি।

তার পরেও তিন শতাধিক নাম জমা পড়ে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশিষ্টজনদের কাছ থেকে পরামর্শ আসার পর যেসব রাজনৈতিক দল নাম দেয়নি, তাদেরকে সোমবার বিকেল পর্যন্ত সুযোগ করে দেয়া হয়। বিএনপি ও সমমনারা তবু কোনো নাম জমা দেয়নি।

বিশিষ্টজনদের পরামর্শেই এই নামগুলো প্রকাশ করা হয়েছে। তবে জমা পড়া এই নামগুলো থেকেই রাষ্ট্রপতির কাছে তালিকা দেয়া হবে, এ বিষয়ে নিশ্চয়তা নেই। তারা কেবল পরামর্শ চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *