সিলেট- শিক্ষামন্ত্রীর নির্দেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন উপাচার্য।
উক্ত ঘটনায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রীসহ সরকারের সকল স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ সিলেটের সুশীল সমাজের সবাইকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদদ্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিরসনে ভূমিকা রাখা দায়িত্বশীল সাংবাদিকদেরও ধন্যবাদ জানান উপাচার্য।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য সকলকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান তিনি।
এর আগে গতকাল শুক্রবার উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দুঃখ প্রকাশ করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় উপাচার্য কার্যালয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে আলোচনার পর শিক্ষামন্ত্রী এ পরামর্শ দেন।
পরে রাত ৭টা ৪০ মিনিটে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। তখন উপাচার্যকে শিক্ষামন্ত্রীর পরামর্শের কথা জানান তিনি। এ সময় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন উপস্থিত ছিলেন।
