হিজাব নারীর অধিকার, হয়রানি বন্ধ করুন: প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক- স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধের বিষয়ে মুখোমুখি গেরুয়া স্কার্ফধারীরা ও হিজাবের দাবিতে আন্দোলনরতরা। একপক্ষ যেমন আন্দোলন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার নিয়ে, ঠিক সে সময় তাদের মুখোমুখি অবস্থান নিয়েছে সেখানকার গেরুয়া স্কার্ফধারীরা। তাদেরও দেখা যাচ্ছে গেরুয়া স্কার্ফ নিয়ে হিজাববিরোধী প্রতিবাদে শামিল হতে।

হিজাব ইস্যুতে যখন এই দুটি দল মুখোমুখি, ঠিক সে সময়ই কর্ণাটকের এক মুসলিম শিক্ষার্থীর সাহসিকতার ভিডিও ভাইরাল হয়েছে। দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের এই শিক্ষার্থীর নাম মুসকান।

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানিয়েছেন, নারী কোন কাপড় পরবে না পরবে সেটি ঠিক করার অধিকার সংশ্লিষ্ট নারীর এবং ভারতীয় সংবিধানেও তাদের সেই অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা গন্ধী একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার সকালে টুইটারে দেওয়া ওই বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘বিকিনি হোক কিংবা ঘোমটা, জিন্স বা হিজাব যেটাই হোক, তিনি কী পরতে চান তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন নারীর। নারীর এই অধিকারটি ভারতীয় সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। আর তাই নারীদের হয়রানি করা বন্ধ করুন।’

এই টুইটে প্রিয়াঙ্কা গান্ধী #লাড়কি হু, লড়সাকতি হু (আমি নারী, আমি লড়তে জানি) হ্যাশট্যাগ ব্যবহার করেন। এটি মূলত বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মূল স্লোগান। মোট সাত দফায় রাজ্যটির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *