Home জাতীয় আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0
327

ঢাকা- আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। শনিবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী পরশু জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কী মেসেজ থাকবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলি, আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট না। যেখানেই গুম হচ্ছে, সেখানেই আমরা কিছু দিন পরেই তাকে পাচ্ছি। নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেয়। দুএকটি আত্মগোপনের ঘটনার তথ্য আমরা এখনো পাইনি। আমরা মনে করি, তাদের অচিরেই আমরা সামনে এনে দিতে পারবো।

লবিস্ট নিয়োগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে সংসদে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কোন কোন লবিস্ট কার দ্বারা নিযুক্ত হয়েছেন। কত টাকা দিয়েছেন। সবগুলো কিন্তু তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। এর পরে বোধ হয় আমাদের আর কিছু বলার থাকে না।

আমরা যেটা করছি, এই লবিস্ট নিয়োগে কীভাবে এখান থেকে টাকা পাঠাল সেটা আমরা খুঁজে বের করছি। আমরা মনে করি, যারা টাকা পাঠিয়েছেন তারাও এই ষড়যন্ত্রের অংশীদার এবং শিগগির তাদেরও আমরা সামনে আনবো—বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বান্দরবানের রুমায় সন্ত্রাসীর গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনী কাজ করছে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে।

তিনি জানান, শিগগিরই পার্বত্য তিন জেলায় পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যেখানে আর্মি ক্যাম্প রয়েছে, সেখানে পুলিশ বাহিনী সদস্যদের সার্বিক আইন-শৃঙ্খলা জন্য পাঠানো হবে খুব শিগগরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here