রাজধানীতে ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারলেন বিদেশি

নজর২৪ ডেস্ক- প্রচণ্ড রাগান্বিত হয়ে ট্রাফিক পুলিশের এক সদস্যকে লক্ষ্য করে টাকা ছুড়ে মারছেন এক বিদেশি, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস …মানি (তুমি টাকা চাচ্ছ, আমি তোমাকে টাকা দিচ্ছি)।’ এই বলে তিনি টাকা ছুড়ে মারছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গতকাল মঙ্গলবার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বিদেশি চীনের নাগরিক। একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন তিনি। ওই গাড়ি তাঁর অফিসের।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না, এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল। তার ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। শুধু ভিডিও নয় সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে। আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা পর্যন্ত হতে পারে বলেও জানান তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি।

টাকা ছুড়ে মারার বিষয়ে তিনি বলেন, এতে পুলিশসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাছাড়া সার্জেন্ট কথা বলছিলেন গাড়িচালকের সঙ্গে। হঠাৎ ওই বিদেশি কেন এতো রাগান্বিত হলেন, এ বিষয়টিও দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *