Home আলোচিত মন্ত্রিত্ব হারানো মুরাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীর

মন্ত্রিত্ব হারানো মুরাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীর

0
355

নজর২৪, ঢাকা- মারধরের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

ধানমন্ডি থানায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জাহানারা জিডি করেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে তার স্ত্রী একটি জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

জিডিতে ডাক্তার মুরাদের স্ত্রী অভিযোগ করেন, ডা. মুরাদ হাসানের সঙ্গে তার ১৯ বছরের বৈবাহিক জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি ডা. মুরাদ কারণে-অকারণে তাকে ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন।

সর্বশেষ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মুরাদ তার স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে তিনি ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় গেলে মুরাদ বাসা থেকে বের হয়ে যান। এ অবস্থায় ডা. মুরাদ স্ত্রী-সন্তানদের ক্ষতি করতে পারেন বলে জিডিতে শঙ্কা প্রকাশ করেছেন জাহানারা এহসান।

এদিকে ডা. জাহানারা এহসানের অভিযোগ পেয়ে ডা. মুরাদের ধানমন্ডির বাসায় যায় পুলিশ।

ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ নিয়ে তুমুল সমালোচনার মধ্যেই তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এতে মুরাদ এক অভিনেত্রীকে ধ র্ষ ণের হুমকি দেন।

এসব ঘটনার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন মুরাদ। পরে আওয়ামী লীগের পদও হারান তিনি, তবে সংসদ সদস্য পদ টিকে আছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here