Home জলবায়ু ও পরিবেশ রাত থেকে বাড়বে কুয়াশা, শুরু হবে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অফিস

রাত থেকে বাড়বে কুয়াশা, শুরু হবে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অফিস

0
163

নজর২৪ ডেস্ক- আজ সোমবার রাত থেকে কাল মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন থেকে মাঝারি কুয়াশা ঝরতে শুরু করবে দেশজুড়ে। এতে তাপমাত্রার খুব রকমফের হবে না যদিও; তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে তাপমাত্রা কুয়াশার কারণে কমতে পারে। দেশের অন্যত্র পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম নয়। আবহাওয়া অধিদপ্তরের বার্তা এমনই।

 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় আছে; আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে বঙ্গোপসাগরে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ সোমবার (৩ জানুয়ারি) সকালে বলেন, কাল থেকে শীতের অনুভূতি বেড়ে যাবে। দেশের উত্তরাঞ্চলের রংপুরে এবং ময়মনসিংহ অঞ্চলে কুয়াশার পরিমাণ বেড়ে যাবে। এ কারণে এসব অঞ্চলে শীত কিছুটা বাড়বে; তবে তীব্র হবে না।

 

অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুই একদিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে শৈত্য প্রবাহ আসতে পারে। ফলে রাতের এবং দিনের তাপমাত্রা কমে যাবে।

 

তিনি বলেন, জানুয়ারি সবচেয়ে শীতল মাস। এই সময়ে দেশের তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ মাসেই কয়েকটি শৈত্য প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে দুই থেকে তিনটি শৈত্য প্রবাহ হবে।

 

এর আগে, গতকাল (২ জানুয়ারি) চলতি মাসের পূর্বাভাসের বিষয়ে মিটিংয়ে বসেছিল আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। মিটিংয়ে কমিটি বলেছে, জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্য প্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে। জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

 

মাসিক প্রতিবেদনে বলা হয়, এ মাসে দেশে ২ থেকে ৩টি শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহে রূপ নিতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকতে পারে। এছাড়া জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here