নজর২৪, বগুড়া- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সারাদেশে শুরু হওয়া খালেদা জিয়ার চিকিৎসার আন্দোলন থামবে না। এই আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের আন্দোলনে রূপ নেবে।
বুধবার (২২ ডিসেম্বর) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে বগুড়ায় আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
এই সমাবেশকে ঘিরে সকাল ১০টার পর থেকেই বিএনপির বিভিন্ন সাংগঠনিক ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে নবাববাড়ী সড়কে জড় হন। সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার জন্য আমরা দয়া দাবী করছি না, এটা তার অধিকার। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও বিদেশে যাবার অনুমতি না দিলে গ্রামে গ্রামে আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলন হবে সরকার পতনের। এখনও সময় আছে জনগণের দাবি মেনে নিন।
তিনি অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে বিগত সময়ে জেলখানায় রেখে এই সরকার স্লো পয়জনিং করে অসুস্থ করে রেখেছে। আজকে ১৮ কোটি মানুষ রাস্তায় নেমেছে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে।
