শৃঙ্খলা না থাকলে নিজেদেরই ক্ষতি হবে: বিজিবি দিবসে প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি হবে।

 

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবস-২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

 

শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা দেশপ্রেম শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সব সময় মনে রাখতে হবে শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

 

তিনি বলেন, কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য।

 

বিজিবির আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সরকারপ্রধান। জানান, এসব কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে তার সরকার।

 

তিনি বলেন, এই বাহিনীকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পূনর্বিন্যাস করে পাঁচজন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে পাঁচটি রিজিয়নে বিভক্ত করা হয়েছে।

 

সরকারের নেয়া পদক্ষেপের কারণে বিজিবি এখন জল, স্থল ও আকাশপথে দায়িত্ব পালনের সক্ষমতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, ‘এ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে এবং দেশের সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নজরদারি ও আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপন এবং সম্প্রসারণ করা হয়েছে।’

 

দেশের সীমান্ত রক্ষায় নারীরাও পুরুষের সঙ্গে সমান তালে কাজ করছেন বলেও জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘২০১৫ সাল থেকে এ পর্যন্ত বিজিবিতে ৯টি নিয়মিত ব্যাচের সঙ্গে সর্বমোট ৮১৮ জন মহিলা সৈনিক ভর্তি করা হয়েছে। তারা সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ইউনিটে যোগদান করেছেন।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, আত্মমর্যাদাশীল, উন্নত, সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

 

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার বিশ্বাস জাতির পিতার প্রত্যাশিত, আধুনিক সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’

 

বিজিবির কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *