Home প্রধান খবর শেখ হাসিনা-রামনাথের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা-রামনাথের সৌজন্য সাক্ষাৎ

0
91

নজর২৪, ঢাকা- বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর গাড়ি বহর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবেশ করে। এখানেই ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকারপ্রধান।

 

সাক্ষাতে জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 

তাকে ও সফরসঙ্গীদের বহনকারী এয়ার ইন্ডিয়া ওয়ানের একটি বিশেষ ফ্লাইট সকাল সাড়ে ৯টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে সকাল ১১টা ১০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

ঢাকায় পৌঁছানোর পর বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

পরে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী সবিতা কোবিন্দ ও কন্যা স্বাতি কোবিন্দ।

 

এরপর দুপুরে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতের রাষ্ট্রপতি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্র ঘুরে দেখেন রামনাথ কোবিন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here