মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আইভী

নজর২৪, নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থী হতে আইন মেনে মেয়র পদ ছেড়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক সভায় তিনি মেয়র পদ ছাড়ার ঘোষণা দেন। সেইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগ পত্রও পাঠান তিনি।

 

আইভীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন জানান, আগামী ১৬ ডিসেম্বর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেন।

 

নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তিনি মঙ্গলবার শেষ অফিস করেছেন।

 

এসময় আইভী বলেন, অফিস যেভাবে চলছিল আপনারা সেভাবে চালাবেন। দয়া করে কোনো ধরনের ফাঁকি দিবেন না। আমি আপনাদের সঙ্গে অনেক সময় রাগারাগি করেছি, সেটা সম্পূর্ণ কাজের স্বার্থে। এতো মেগা প্রজেক্ট করার পরও দেখা যাচ্ছে, আমরা অনেক কাজ শেষ করতে পারিনি। যত দ্রুত সম্ভব এ কাজ আমাদের শেষ করতে হবে।

 

তিনি বলেন, আমি হয়তো থাকবো না, অন্য কেউ আসবে। আমিও ফেরত আসতে পারি। কিন্তু আপনাদের প্রতিষ্ঠান থাকবে। আগামী দুই মাস কোনো ধরনের অবহেলা করবেন না। কাজ যেভাবে চলছে সেভাবে চালিয়ে যাবেন।

 

আইভী জানান, বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।

 

ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালেও তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সফলভাবে মেয়রের দায়িত্ব পালন করেন। এবার তিনি মেয়র পদে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *