Home জাতীয় খালেদা জিয়ার অবস্থা দিনদিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে

খালেদা জিয়ার অবস্থা দিনদিন অনিশ্চয়তার দিকে যাচ্ছে

0
157

নজর২৪, ঢাকা-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, দিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনিশ্চয়তার দিকেই যাচ্ছে।’

 

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ হোসেন।

 

ডা. জাহিদ বলেন, চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। কিন্তু খালেদা জিয়ার যে অবস্থা, তাকে বিদেশে নিয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসা না দিলে অবস্থার উন্নতি সম্ভব নয়।

 

চিকিৎসক জাহিদ বলেন, গত ১৩ নভেম্বর থেকে এক মাসে খালেদা জিয়ার চারবার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। ওষুধ দিলে রক্তক্ষরণ সাময়িক বন্ধ হলেও পরে আবার তা হচ্ছে। এ অবস্থায় দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা দিতে না পারলে তাকে বাঁচানো কঠিন হবে।

 

হাসপাতাল সূত্র জানিয়েছে, অনেকটা নিরিবিলি সময় কাটছে খালেদা জিয়ার। ডাক্তার-নার্সদের সঙ্গে তেমন একটা কথা বলেন না তিনি। কোনো কিছুর প্রয়োজন হলে জানান খুব আস্তে করে। শারীরিক দুর্বলতার কারণে ঘুমের নির্দিষ্ট সময় নেই তার। তা ছাড়া বেশিরভাগ সময়ই চোখ বুজে থাকেন; চিকিৎসকরা সিসিইউতে এলে প্রয়োজনীয় কথা বলেন।

 

সিসিইউতে মেডিকেল বোর্ডের চিকিৎসক, পরিবারের সদস্য এবং শুধু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রবেশাধিকার রয়েছে। সিসিইউর সামনে তার নিরাপত্তার জন্য পোশাকধারী তিনজন পুলিশকে দেখা গেছে। তারা নিয়মমাফিক ডিউটি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here