Home প্রধান খবর স্ত্রী-সন্তানের কাছে ফেরেননি মুরাদ হাসান

স্ত্রী-সন্তানের কাছে ফেরেননি মুরাদ হাসান

0
303

নজর২৪ ডেস্ক- কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বাসায় সুনসান নীরবতা বিরাজ করছে। কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়ে ব্যর্থ হয়ে আজ (রোববার) বিকেলে দেশে ফিরেছেন তিনি।

 

রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫১ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।

 

এরপর সবার চোখ ফাঁকি দিয়ে শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে যান মুরাদ।

 

সূত্র জানায়, মুরাদ হাসান বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এলেও সাংবাদিকরা অপেক্ষা করছেন দেখে ভেতরে চলে যান এবং বিমানবন্দরের ভেতর দিয়ে ডোমেস্টিক টার্মিনালে যান। সেখানে বাইরে তার জন্য হোন্ডা সিআরভি ব্র্যান্ডের একটি গাড়ি প্রস্তুত ছিল।

 

দেশে ফেরার সময় তার পরনে ছিল জিন্সের নীল রঙের প্যান্ট, গায়ে ছিল জ্যাকেট। ওই জ্যাকেট দিয়ে তাকে মাথা ও মুখ ঢেকে রাখতে দেখা যায়। ঢাকা থেকে কানাডা যাওয়ার সময়ও তিনি মুখ ঢেকে রেখেছিলেন।

 

তবে বিমানবন্দর থেকে তিনি কোথায় গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি রাজধানীর ধানমন্ডির বাসায় স্ত্রী-সন্তানদের কাছে ফেরেননি।

 

মুরাদের ধানমন্ডির ১৫ নম্বর (সাবেক ২৮ নম্বর) সড়কের ৩০/এ ভবনে গিয়ে দেখা যায়, দুজন নিরাপত্তা কর্মী নিচতলায় দায়িত্ব পালন করছেন। সেখানে বিরাজ করছে সুনসান নীরবতা। এ ভবনের দোতলায় মুরাদের অফিস আর চার তলায় তার পরিবার থাকে।

 

বাসার নিরাপত্তা কর্মী সুমন ইসলাম জানান, মুরাদ হাসানের ঢাকা ফেরার খবর তিনি শুনেছেন। মুরাদ বাসায় ফিরেছেন কিনা জানতে চাইলে রাত সাড়ে ৮টার দিকে তিনি বলেন, ‘না, এখনও তিনি বাসায় আসেননি।’

 

মুরাদ হাসানের স্ত্রী ও দুই সন্তান ওই বাসায় আছেন বলে নিশ্চিত করেন সুমন। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগের দিন তিনি বাসা ছেড়ে যান, এরপর আর ফেরেননি।’

 

মুরাদ তার নির্বাচনি এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে যাচ্ছেন কিনা- সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে।

 

অন্যদিকে, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রে। সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকেও মুরাদকে অব্যাহতির প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে। মুরাদের ফেরার দিন তার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে বিভিন্ন জেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here